‘মিসাইল মেরে আমাকে ধ্বংসের চেষ্টা চলছে’: নওগাঁয় ড. শফিকুর রহমান

‘মিসাইল মেরে আমাকে ধ্বংসের চেষ্টা চলছে’: নওগাঁয় ড. শফিকুর রহমান

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক এবং অপপ্রচার প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, গত ৫ দিন ধরে একটি গোষ্ঠী তাঁর ওপর ডিজিটাল মিসাইল নিক্ষেপ করে তাঁকে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে। যারা এ দেশে জনগণের সরকার চায় না এবং দেশটিকে গোলাম বানিয়ে রাখতে চায়, তারাই এই ষড়যন্ত্রে লিপ্ত। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নওগাঁ শহরের এ.টিম মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিরে জামায়াত বলেন, তাঁর এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে একটি মহল সম্পূর্ণ মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছিল। তবে তাঁদের নিজস্ব সাইবার টিম অপরাধীকে শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং পুলিশ ইতিমধ্যে ওই হ্যাকারকে আটক করেছে। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, এতদিন রাজপথে যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই-সংগ্রাম করেছেন, সেই দলের বন্ধুদের এই ঘৃণিত কাজের সাথে জড়িত থাকতে দেখে তিনি মর্মাহত।

নওগাঁর কৃষি ও অর্থনীতি নিয়ে ড. শফিকুর রহমান বলেন, এই জেলা আম ও ধানের ভাণ্ডার হলেও এখানে কোনো কৃষি বিশ্ববিদ্যালয় বা আধুনিক হিমাগার নেই। ফলে কৃষকরা প্রতিনিয়ত লোকসানের শিকার হচ্ছেন। তিনি প্রতিশ্রুতি দেন, জামায়াত সরকার গঠন করলে নওগাঁয় কৃষি বিশ্ববিদ্যালয় ও জুস প্রসেসিং কারখানা স্থাপনসহ শহরের প্রধান দাবি ‘ফোর লেন’ রাস্তা নির্মাণ করা হবে। একইসাথে বিলুপ্তির পথে থাকা জেলার ঐতিহাসিক পর্যটন কেন্দ্রগুলোকে আধুনিকায়নের মাধ্যমে ঢেলে সাজানো হবে।

বিগত সরকারগুলোর কঠোর সমালোচনা করে তিনি বলেন, ৫৪ বছরে যারাই ক্ষমতায় এসেছে, তারা দেশের ভাগ্যের চেয়ে নিজেদের পকেট ভরতে বেশি ব্যস্ত ছিল। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে দেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। পাচারকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জনগণের এই লুণ্ঠিত টাকা পেট থেকে বের করে আনা হবে এবং কাউকে বিদেশে শান্তিতে থাকতে দেওয়া হবে না।

জেলা জামায়াতের আমির ও নওগাঁ-৪ আসনের প্রার্থী খ.ম আব্দুর রাকিবের সভাপতিত্বে এই বিশাল জনসভায় আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, জেলা সেক্রেটারি ও নওগাঁ-৫ আসনের প্রার্থী আ স ম সায়েমসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

এ.ইউ/সকালবেলা

মন্তব্য করুন