বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে শহর যুবদলের ব্যাপক গণসংযোগ

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে শহর যুবদলের ব্যাপক গণসংযোগ

ওয়াফিক শিপলু, বগুড়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে বিজয়ী করতে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও মিছিল করেছে শহর যুবদল। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনভর শহরের বিভিন্ন ওয়ার্ডের পাড়া-মহল্লা, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে এই প্রচারণা চালানো হয়।

শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমির নেতৃত্বে আয়োজিত এই গণসংযোগে বিএনপি ঘোষিত ‘৩১ দফা’ রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা সংবলিত লিফলেট ভোটারদের মাঝে বিতরণ করা হয়। এ সময় ধানের শীষের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।

গণসংযোগকালে আহসান হাবিব মমি বলেন, “দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার বঞ্চিত। অনিয়ম ও দুঃশাসনের কারণে সাধারণ মানুষের জীবন আজ দুর্বিষহ। জনগণ এখন পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ। তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রব্যবস্থাকে নতুন করে গড়ে তোলা হবে, যেখানে আইনের শাসন ও মানুষের মতামতের মূল্য থাকবে।”

তিনি আরও বলেন, “বগুড়ার মানুষ সবসময় গণতন্ত্রের পক্ষে। তারা অতীতেও ধানের শীষের সাথে ছিল, আগামী নির্বাচনেও বগুড়ার সন্তান তারেক রহমানকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করে দেশ গড়ার সুযোগ দেবে। কোনো ষড়যন্ত্র বা অপশক্তি এই বিজয় রুখতে পারবে না।”

প্রচারণায় অংশ নেওয়া নেতারা অভিযোগ করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বেকারত্বে মানুষ দিশেহারা। বিএনপি ক্ষমতায় গেলে অর্থনৈতিক স্থিতিশীলতা ও কর্মসংস্থান সৃষ্টি হবে বলে তারা ভোটারদের আশ্বস্ত করেন।

গণসংযোগে শহর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তারিক মজিদ সোহাগ, সহ-সভাপতি মোনারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ওবায়দুল হাবীব মিম, প্রচার সম্পাদক ওয়াসিম রেজা, সহ-প্রচার সম্পাদক শাহেদ আলীসহ বিভিন্ন ওয়ার্ড যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। মিছিলটি শহরের ১৪ নম্বর ওয়ার্ডের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আবাসিক ও বাণিজ্যিক এলাকায় ভোটারদের সাথে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে শেষ হয়।

ডব্লিউ.এস/সকালবেলা

মন্তব্য করুন