ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো: জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন দপ্তরের কর্মচারীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে জড়ো হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর ভেড়িপাড়া, নির্বাচন কমিশন অফিস, সিএনবি মোড় ও রাজশাহী বেতার প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে কর্মচারীরা তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ প্রকাশ করে কাল শুক্রবার ‘ঢাকা চলো’ কর্মসূচি ঘোষণা করেন। রাজশাহী বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, “পে-স্কেল কোনো দয়া বা অনুগ্রহ নয়; এটি প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য ও সাংবিধানিক অধিকার। বৈষম্যহীন নবম পে-স্কেল প্রজ্ঞাপন ও বাস্তবায়নের দাবিতে আমাদের এই এক দফা আন্দোলন চলবে।”
নেতৃবৃন্দ আরও বলেন, “ড. ইউনূস সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু এ পর্যন্ত তিনি আমাদের হতাশ করেছেন। সামনে নির্বাচন—নির্বাচনের আগেই সরকারকে আমাদের এই দাবি মেনে নিতে হবে। দাবি আদায়ে আজ রাতেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব এবং কাল শুক্রবার ঢাকায় বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে।”
সমাবেশে রাজশাহী বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের রুহুল আমিন, একেএম সোহেল রানা, জেলা প্রশাসক কার্যালয়ের আলমাস হোসেনসহ রাজশাহী বেতার, বিভিন্ন সরকারি কলেজ, পোস্ট অফিস ও নানা দপ্তরের কর্মচারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলের কারণে নগরীর প্রধান সড়কগুলোতে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়।
এ.কে.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ