ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হলে টাঙ্গাইলে এমনভাবে পর্যটনশিল্প গড়ে তোলা হবে যে, মানুষকে আর কক্সবাজার যেতে হবে না; বরং পর্যটকরাই টাঙ্গাইল ভ্রমণে আসবেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার কাতুলী ইউনিয়নের খোলাবাড়ি মাদরাসা মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলে দেড় থেকে দুই লাখ মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা রয়েছে, যার অর্ধেক সুযোগ পাবেন সদর উপজেলার মানুষ। বিশেষ করে যমুনা তীরবর্তী এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের পর সেখানে আধুনিক পর্যটনকেন্দ্র গড়ে তোলা হবে। এতে চরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়ন ঘটবে। এছাড়া তিনি মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং সবার জন্য হেলথ কার্ড চালুর প্রতিশ্রুতি দেন।
নির্বাচনী প্রচারণায় জামায়াতে ইসলামীর ভূমিকার কঠোর সমালোচনা করে টুকু বলেন, “গতকাল জামায়াতের প্রধান টাঙ্গাইলে এলেও উন্নয়নের কোনো কথা বলেননি। তারা মা-বোনদের হাতে কোরআন দিয়ে ভোট চাইছে, যা কোনো ঈমানদার করতে পারে না। তারা স্বাধীনতাবিরোধী এবং তাদের কর্মকাণ্ড ইসলামবিরোধী।” এ সময় তিনি মওলানা ভাসানীর উদ্ধৃতি দিয়ে বলেন, “নীল নদের পানি যেমন নীল নয়, জামায়াতে ইসলামীও তেমন ইসলাম নয়।”
সালাউদ্দিন টুকু অঙ্গীকার করেন যে, নির্বাচিত হলে টাঙ্গাইলকে সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং মুক্ত একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলবেন। যুবসমাজকে রক্ষা করতে এবং তারেক রহমানের ঘোষিত ‘দেশ গড়ব মিলেমিশে’ স্লোগান বাস্তবায়নে তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এস.জি/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ