নড়াইলে আগামীকাল আসছেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান

নড়াইলে আগামীকাল আসছেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান

শুভ সরকার, নড়াইল: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নড়াইল সফরে আসছেন। ওইদিন দুপুরে নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এই তথ্য নিশ্চিত করেন জেলা জামায়াতের আমির ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. আতাউর রহমান বাচ্চু।

সংবাদ সম্মেলনে আতাউর রহমান বাচ্চু বলেন, দলীয় প্রধানকে বরণ করে নিতে সংগঠনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনসভার শৃঙ্খলা রক্ষায় ৩০০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে এবং এ বিষয়ে জেলা ও পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। তিনি আরও জানান, নড়াইলের বিভিন্ন প্রান্ত থেকে এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে তারা আশা করছেন।

জেলা জামায়াতের সেক্রেটারি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার বলেন, আমিরে জামায়াতের এই আগমনকে ঘিরে নড়াইল-১ আসনের জনগণ অত্যন্ত আনন্দিত ও উদীপ্ত। দুই আসনের সাধারণ মানুষ এখন এই জনসভার অপেক্ষায় প্রহর গুনছেন।

মতবিনিময় সভায় জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহানসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এস.এস/সকালবেলা

মন্তব্য করুন