ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়া সদর উপজেলায় ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছে থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় মেহেদী হাসান শুভ নামে এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের অদ্দির গোলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আটক মেহেদী হাসান শুভ নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বাজারের বিভিন্ন দোকানে গিয়ে ছবি তুলে ব্যবসায়ীদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করছিল বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, শুভ বাজারে গিয়ে একটি দোকানে অতর্কিত ছবি তোলে এবং নিজেকে ম্যাজিস্ট্রেট হিসেবে দাবি করে। সে দোকানদারকে ভয় দেখিয়ে বলে, মোটা অঙ্কের টাকা না দিলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে বড় ধরনের জরিমানা ও অভিযান চালানো হবে। তার কথাবার্তায় সন্দেহ হলে ব্যবসায়ীরা তাকে চ্যালেঞ্জ করেন এবং পরিচয়পত্র দেখতে চান। কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে না পারায় উপস্থিত জনতা তাকে আটক করে বগুড়া সদর থানা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শুভ ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণা করার কথা স্বীকার করেছে। পুলিশ জানায়, সে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য হতে পারে। এই চক্রটি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন ঔষধ কোম্পানি, পলিথিন গোডাউন ও কারখানায় গিয়ে সরকারি কর্মকর্তা সেজে ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে।
সম্প্রতি বগুড়ায় সরকারি বিভিন্ন দপ্তরের নাম ভাঙিয়ে এমন প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় ব্যবসায়ী মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের কোনো সন্দেহভাজন ব্যক্তি এলে তাদের পরিচয় নিশ্চিত না হয়ে কোনো লেনদেন না করতে এবং দ্রুত নিকটস্থ থানায় অবহিত করতে।
আটক শুভর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বগুড়া সদর থানা।
ডব্লিউ.এস/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ