মুগ্ধ হত্যা মামলার ২৬ আসামির বিচার শুরুর আদেশ
স্টাফ রিপোর্টার: জুলাই বিপ্লব চলাকালে রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (১১ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ জারি করেন। এর পাশাপাশি আগামী ৪ নভেম্বর থেকে মামলাটির আনুষ্ঠানিক সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। আদেশের সময় মামলায় গ্রেপ্তার হওয়া আট আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।
আদালত পরিচালনার শুরুতেই আসামিপক্ষের অভিযোগ থেকে অব্যাহতির (ডিসচার্জ) আবেদন সরাসরি খারিজ করে দেয় ট্রাইব্যুনাল। পরবর্তীতে আসামিদের নিকট দোষ স্বীকারের বিষয়ে জানতে চাওয়া হলে তারা নিজেদের সম্পূর্ণ নির্দোষ দাবি করে ন্যায়বিচারের আবেদন জানান। সার্বিক বিষয় পর্যালোচনা করে আদালত মোট ২৬ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরুর আদেশ দেন।
কারাগারে থাকা ৮ আসামি হলেন— ডিএমপির উত্তরা বিভাগের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মির্জা সালাহউদ্দিন, উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মজিবুর রহমান, আজমপুর পুলিশ ফাঁড়ির সাবেক কনস্টেবল হোসেন আলী, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন রুবেল, আওয়ামী লীগ নেতা সোহেল রানা, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শাহ আলম এবং তুরাগ থানার আওয়ামী লীগ কর্মী ইরফানুল হক গাজী।
এছাড়া মামলায় পলাতক ১৮ আসামির মধ্যে অন্যতম হলেন— ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিব হাসান, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির উত্তরা বিভাগের সাবেক উপপুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম, সাবেক এডিসি মো. তোহিদুল ইসলাম এবং সাবেক সহকারী পুলিশ কমিশনার সুমন কর।
এআইএল/সকালবেলা