ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। রাজধানীর গুলশান এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট বেআইনিভাবে গ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে এই কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হলো।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের আবেদনের মাধ্যমে আদালতকে জানান যে, টিউলিপ সিদ্দিক বর্তমানে বিদেশে অবস্থান করছেন এবং মামলার গুরুত্বপূর্ণ আলামত নষ্টের চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করতে তাকে গ্রেফতারের বিকল্প নেই। শুনানি শেষে আদালত টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির প্রক্রিয়া গ্রহণের অনুমতি প্রদান করেন। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি এই একই মামলায় টিউলিপ সিদ্দিক এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা সারদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।
মামলার নথি ও এজাহার অনুযায়ী, দুর্নীতি দমন কমিশন গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ সিদ্দিক, সারদার মোশাররফ হোসেন এবং তার সহকর্মী শাহ মো. খসরুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এলাকার একটি ফ্ল্যাট কোনো অর্থ পরিশোধ ছাড়াই অবৈধভাবে দখলে নেন এবং পরবর্তীতে সেটি প্রভাব খাটিয়ে নিজেদের নামে নিবন্ধন করে নেন। দুদকের দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে আদালত আগামী ৮ মার্চ পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করেছেন। এই আদেশের ফলে বিদেশের মাটিতে অবস্থানরত টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ