যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর
সকালবেলা অনলাইন: জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষ্যে দেওয়া বাণীতে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের সহায়তায় ৫০০ কোটি টাকার একটি বিশেষ স্টার্টআপ তহবিল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১ নভেম্বর) দিবসটি উদযাপিত হলেও শনিবার (৩১ অক্টোবর) দেওয়া এক বাণীতে তিনি এই ঘোষণা দেন।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে জাতীয় সংকট উত্তরণ এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় তরুণদের অবদান অনস্বীকার্য।
তরুণদের মেধা ও দক্ষতাকে কাজে লাগাতে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন এবং পরবর্তীতে ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রতিটি জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছিলেন।
বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে এ পর্যন্ত ৮০ লাখের বেশি তরুণ-তরুণীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যার মধ্যে প্রায় ২৫ লাখ তরুণ আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। এছাড়া যুব উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দিতে ২০২৬ সালের জুন পর্যন্ত ২ হাজার ৮৬১ কোটি টাকারও বেশি যুবঋণ বিতরণ করা হয়েছে।
বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তরুণদের কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী জানান, সরকার দায়িত্ব নেওয়ার পরই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্রিল্যান্সিং বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রকল্প হাতে নিয়েছে। পাশাপাশি স্মার্ট কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং বিদেশি ভাষা শিক্ষাসহ নতুন খাতে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। উদ্ভাবনী উদ্যোগগুলো যেন অর্থের অভাবে বাধাগ্রস্ত না হয়, সে জন্যই প্রথমবারের মতো স্টার্টআপ খাতে বাজেট বরাদ্দ দিয়ে এই ৫০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে।
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় তরুণদের প্রতিভা ও প্রযুক্তিগত দক্ষতার সঠিক বিকাশ ঘটিয়ে জাতীয় উন্নয়নে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এআইএল/সকালবেলা