‘জান্নাতের টিকিট বিলিয়ে কীভাবে ধর্ষণ করলা’

প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ণ
‘জান্নাতের টিকিট বিলিয়ে কীভাবে ধর্ষণ করলা’

সংসদীয় প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে একটি রাজনৈতিক দলকে তীব্র কটাক্ষ করে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেছেন, ‘বাজারে মাঝে মাঝে ন্যারেটিভ (বয়ান) চালানোর চেষ্টা হচ্ছে—জান্নাতের সোল এজেন্ট নাকি একটা ওজন মাপার পাল্লা, নাউজুবিল্লাহ। জান্নাতের টিকিট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ।’

আজ রবিবার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠতম দিনে ২০২৫-২৬ অর্থ বছরের সম্পূরক বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বাজেট আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার বলেন, ‘আমরা একটা জবাবদিহিতামূলক সরকার, জবাবদিহিতামূলক সংসদ এবং নিজের দলের ভেতরে জবাবদিহিতার যে পরিবেশটা এখন দেখতে পাচ্ছি, তারই ফলশ্রুতিতে একটি আত্মসমালোচনা না করলেই নয়।’

স্পিকারকে সম্বোধন করে মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, ‘দেখুন মাননীয় স্পিকার, নীল নদের পানি যে রকম নীল না, তেমনিভাবে দাড়ি-টুপি থাকলেই যে নারী স্বাধীনতা এবং হিজাব-নিকাবের প্রতি সম্মান থাকবে, বিষয়টা আসলে এরকম না। আমাদের সবার ব্যক্তি স্বাধীনতার বিষয়ে এবং শ্রদ্ধার ব্যাপারে অত্যন্ত সোচ্চার হওয়া উচিত। এটা দুঃখের সাথেই বলছি। ফ্যাক্ট (সত্য) এবং ন্যারেটিভের ব্যাপারে আগে কথা বলেছিলাম, অল্প সময় থাকায় সেদিন বুঝিয়ে বলতে পারিনি, আজকে দেখলাম প্রাসঙ্গিক বিষয়টা উঠে আসলো।’

স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে এই সংসদ সদস্য আরও বলেন, ‘আপনার মাথার উপরে লেখা রয়েছে বিসমিল্লাহির রাহমানির রাহিম, দুয়ারে দুয়ারে সর্বশক্তিমান আল্লাহ। আমরা এমনও দেখেছি, ইসলামের পতাকা হাতে নিয়েও অনেকে কৌশল বা হিকমা অবলম্বন করতে গিয়ে বৈশ্বিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় শরীয়া আইনের ব্যাপারে প্রশ্ন আসলে তা এড়িয়ে গেছেন। কিন্তু ফ্যাক্ট হলো—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ লিখে দিয়েছিলেন। আর তাঁর সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান সাহেব আপনার মাথার উপর রেখেছেন বিসমিল্লাহ, দুয়ারে দুয়ারে লিখেছেন সর্বশক্তিমান আল্লাহ—এটা হলো ফ্যাক্ট। এই বৈশ্বিক পরিস্থিতিতেও আমাদের কোনো হিকমা বা কৌশল অবলম্বন করার প্রয়োজন পড়ে নাই, এটাই বাস্তব।’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অথচ এর বিপরীতে বাজারে ধর্মকে পুঁজি করে এক ধরনের মিথ্যা বয়ান তৈরি করা হচ্ছে এবং নিজেদের জান্নাতের ঠিকাদার দাবি করেও জঘন্য অপরাধে জড়িয়ে পড়া হচ্ছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন