ফ্লোরিডা ড্রাই হয়ে গিয়েছিল, বাংলাদেশে তেল স্টেবল ছিল: বিদ্যুৎমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক যুদ্ধ ও আন্তর্জাতিক জ্বালানি সংকটের মধ্যেও বাংলাদেশে তেলের কোনো ঘাটতি তৈরি হয়নি উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, যুদ্ধের প্রভাবে আমেরিকার ফ্লোরিডার মতো জায়গাও ড্রাই হয়ে গিয়েছিল, কিন্তু বাংলাদেশে ড্রাই হয়নি। বাংলাদেশে তেল সবসময় স্টেবল ছিল, এখনো আছে। শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, দেশের স্থল ও সমুদ্রে গ্যাস অনুসন্ধান জোরদার করতে নিষ্ক্রিয় থাকা বাপেক্সকে আবার সক্রিয় করা হচ্ছে এবং প্রতিষ্ঠানটির জন্য আরও পাঁচটি নতুন রিগ কেনা হবে। গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে, যার মেয়াদ এক মাস পর শেষ হবে। বিদ্যুৎ খাতের আর্থিক সংকট নিয়ে তিনি বলেন, বিগত সরকারের আমলে চড়া মূল্যে বিদ্যুৎ কেনার কারণে আইপিপি খাতে প্রায় ৫৬ হাজার কোটি টাকার বকেয়া বিল জমেছিল। বর্তমানে এই পুরোনো বকেয়া ও চলমান বিল একসঙ্গে মেটাতে গিয়ে সরকারকে বড় আর্থিক চাপের মুখোমুখি হতে হচ্ছে।
পরিস্থিতি উত্তরণে সরকার নবায়নযোগ্য জ্বালানির ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তৈরি পোশাক খাতের আন্তর্জাতিক বাজারে রপ্তানি সক্ষমতা ধরে রাখতে ২০৩০ সালের মধ্যে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে। এই বিনিয়োগ উৎসাহিত করতেই নতুন বাজেটে সৌরবিদ্যুৎ ব্যবস্থায় ব্যবহৃত ব্যাটারির ওপর শুল্ক-কর সম্পূর্ণ শূন্য করা হয়েছে। বর্তমান সরকার মাত্র কয়েক মাস আগে দায়িত্ব নিয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে জনগণ এই উদ্যোগগুলোর বাস্তব ফল দেখতে পাবেন।
|