গজারিয়ায় বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী প্রদর্শনী

প্রকাশ: শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ণ
গজারিয়ায় বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী প্রদর্শনী

মো. দুলাল সরকার, গজারিয়া: “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অত্যন্ত উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা পর্যায়ের ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক প্রজন্ম হিসেবে গড়ে তোলা ও তরুণদের উদ্যোক্তা মানসিকতার বিকাশে এই আয়োজনটি এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

আজ শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতা ও প্রদর্শনী মেলার আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এসইডিপি-এর অধীন ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)’-এর উদ্যোগে এই ব্যতিক্রমী কর্মসূচি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মুস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফজলুর করিম এবং গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক শিক্ষা ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার্থীদের মাঝে গবেষণামুখী চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তুলতে এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজকের এই খুদে উদ্ভাবকরাই আগামী দিনের প্রযুক্তিনির্ভর ও স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে।”

উপজেলার ২০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত পৃথক দল এই ইনোভেশন শোকেসিং প্রোগ্রামে অংশ নেয়। মেলায় পরিবেশ সুরক্ষা, আধুনিক কৃষি উন্নয়ন, প্রযুক্তিনির্ভর সেবা, জ্বালানি সাশ্রয় এবং জটিল সামাজিক সমস্যা সমাধানের নানামুখী নতুন ও বাস্তবসম্মত আইডিয়া উপস্থাপন করে খুদে বিজ্ঞানীরা বিচারকদের তাক লাগিয়ে দেয়।

দিনব্যাপী কঠোর মূল্যায়ন শেষে বিকেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় চমৎকার উদ্ভাবন প্রদর্শন করে প্রথম স্থান অর্জন করে টেংগারচর রাজিয়া কাদের আদর্শ উচ্চ বিদ্যালয়। এছাড়া বাউশিয়া মোহাম্মদ আব্দুল আজহার উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং ইসমানিরচর উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান লাভ করে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানিয়েছে, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করার মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে গজারিয়ায় এই ধরনের বিজ্ঞানবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন