১টি চাকরির জন্য ৫-৬ লাখ আবেদন পড়ছে: মির্জা ফখরুল

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
১টি চাকরির জন্য ৫-৬ লাখ আবেদন পড়ছে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক: দেশে বর্তমানে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় চার কোটিতে পৌঁছেছে এবং একটি চাকরির পদের বিপরীতে পাঁচ থেকে ছয় লাখ পর্যন্ত আবেদন জমা পড়ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, "দেশে সে পরিমাণ কর্মসংস্থানের ক্ষেত্র না থাকায় এই জটিল বেকারত্ব সমস্যা রাতারাতি দূর করা সম্ভব নয়।"

গতকাল রবিবার (২৬ জুলাই) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের চাকরির বাজারের কঠিন বাস্তবতা তুলে ধরে বলেন, "এখন অফিস সহকারী পদের মতো সাধারণ চাকরিতেও হাজার হাজার উচ্চশিক্ষিত প্রার্থীর আবেদন জমা পড়ছে। চাকরির বাজারে এই তীব্র প্রতিযোগিতা তরুণ শিক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতি মোকাবেলায় সরকার ‘ক্রিয়েটিভ ইকোনমি’ বা সৃজনশীল অর্থনীতি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।"

তিনি আরও ব্যাখ্যা করে বলেন, "সৃজনশীল অর্থনীতির আওতায় কামার, কুমার, তাঁতি, শিল্পী, খেলোয়াড়সহ সব পেশার মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি যুবসমাজের দক্ষতা উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণ বাড়িয়ে বিদেশেও বিপুল কর্মসংস্থানের বন্দোবস্ত করা হচ্ছে।"

বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী আরও জানান, সুষম উন্নয়নের লক্ষ্যে সরকার ইতিমধ্যে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলকে বিশেষ ‘অ্যাগ্রিকালচার হাব’ হিসেবে ঘোষণা করেছে।

ছাত্ররাজনীতি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, "রাজনীতি হতে হবে দেশ ও সাধারণ মানুষের কল্যাণে।" বিগত ১৭ বছরে দেশের প্রায় সব গণতান্ত্রিক ও প্রশাসনিক প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়েছিল দাবি করে মন্ত্রী বলেন, "বর্তমান সরকার সেসব প্রতিষ্ঠান পুনর্গঠনের কাজ চালিয়ে যাচ্ছে। এটি মোটেও সহজ কাজ নয়, এর জন্য আত্মবিশ্বাস ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই পুনর্গঠনের কাজ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি।"

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ মুহাম্মদ আবুল বাশার, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য সানজিদা ইসলাম এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান।

মন্তব্য করুন