নওগাঁ প্রেসক্লাব থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি
আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে থেকে সিনিয়র সাংবাদিক রায়হান আলমের ব্যবহৃত একটি মোটরসাইকেল চুরি হয়ে গেছে। গত রোববার (২৬ জুলাই ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে চুরির এই ঘটনাটি ঘটে। ঘটনার পর সংগৃহীত সিসিটিভি ফুটেজে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এক ব্যক্তিকে বাইকটি নিয়ে সটকে পড়তে দেখা গেছে।
ভুক্তভোগী রায়হান আলম বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা, এটিএন নিউজ এবং দৈনিক দিনকাল ও সানশাইন পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন।
ঘটনার বিবরণ দিয়ে সাংবাদিক রায়হান আলম জানান, পেশাগত কাজ শেষ করে গত রোববার রাত সাড়ে ৮টার দিকে তিনি প্রেসক্লাবে আসেন। তাঁর ব্যবহৃত নীল রঙের ‘টিভিএস অ্যাপাচে আরটিআর’ মোটরসাইকেলটি (নওগাঁ-ল-১২-১৩০০) প্রেসক্লাবের মূল ফটকের সামনে লক করে দোতলায় যান। কিছুক্ষণ পর নিচে নেমে দেখেন বাইকটি যথাস্থানে নেই। পরবর্তীতে পাশের ভবনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি কৌশলে লক ভেঙে বাইকটি চালিয়ে দ্রুত কেটে পড়ে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দ্রুত চোরকে শনাক্ত করবে এবং তাঁর প্রিয় বাইকটি উদ্ধার করতে সক্ষম হবে।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ঘটনার খবর পাওয়ার পর থেকেই পুলিশ তদন্তে নেমেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোর শনাক্ত করা এবং চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এআইএল/সকালবেলা
|