কটিয়াদীতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি পরিদর্শন মন্ত্রীদের

প্রকাশ: রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ণ
কটিয়াদীতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি পরিদর্শন মন্ত্রীদের
কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে সম্ভাব্য ভেন্যু ও প্রস্তুতি পরিদর্শন

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য আগমনকে কেন্দ্র করে জনসভাস্থল ও সার্বিক প্রস্তুতি সরজমিনে পরিদর্শন করেছেন মাননীয় প্রতিমন্ত্রী শরিফুল আলম (এমপি) এবং মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু (এমপি)।

উচ্চপর্যায়ের এ পরিদর্শনকালে তাঁদের সাথে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল), কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজাহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, জেলা প্রশাসক সোহানা নাসরিন ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা প্রতিনিধিদলে যুক্ত ছিলেন।

একই সাথে কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম কাঞ্চন ও সাংগঠনিক সম্পাদক মো. খলিলসহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকারী দলটি সকালে প্রথমে উপজেলার আচমিতা ইউনিয়নের চাড়িপাড়ায় অবস্থিত সরকারি হ্যাচারি এলাকা ঘুরে দেখেন। পরবর্তীতে তারা পর্যায়ক্রমে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠ, বেতাল নদী এলাকা এবং কটিয়াদী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠসহ সম্ভাব্য জনসভাস্থল ও উপজেলার কৌশলগত একাধিক গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে আগামী ১৬ আগস্টের সম্ভাব্য বিশাল জনসভার নিরাপত্তা পরিকল্পনা, জনসমাগম ব্যবস্থাপনা, যানবাহন চলাচল ও ট্রাফিক নিয়ন্ত্রণ, জরুরি যোগাযোগ ব্যবস্থা এবং সার্বিক প্রস্তুতি নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়। সফর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন দুই প্রতিমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্তারা।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমনকে সফল ও স্মরণীয় করতে স্থানীয় প্রশাসন, পুলিশ বাহিনী এবং অন্যান্য সরকারি দপ্তর সমন্বিতভাবে কাজ শুরু করেছে। সম্পূর্ণ অনুষ্ঠানটি যেন নিরাপদ, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে শতভাগ প্রস্তুতি নিশ্চিত করা হচ্ছে।

মন্তব্য করুন