সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ: খলিলুর রহমান ও মুইজ্জুর বৈঠক
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) দীর্ঘস্থায়ী অচলাবস্থা কাটিয়ে নতুন করে সক্রিয়, কার্যকর ও গতিশীল করতে একমত হয়েছে বাংলাদেশ ও মালদ্বীপ। আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি, অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচন এবং পরিবর্তিত বৈশ্বিক ও ভূরাজনৈতিক চ্যালেঞ্জ যৌথভাবে মোকাবিলা করতেই সার্ককে পুনরুজ্জীবিত করার ওপর জোর দিয়েছে দুই বন্ধুপ্রতীম দেশ।
সম্প্রতি মালদ্বীপের ৬১তম ঐতিহাসিক স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ে রাষ্ট্রপতি ড. মোহামেদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। উক্ত উচ্চপর্যায়ের বৈঠকেই এসব বিষয়ে দ্বিপক্ষীয় সম্মতি উঠে আসে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন প্রেসিডেন্ট মুইজ্জুর কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছে দেন। একই সাথে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকার জন্য এবং জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের প্রার্থিতায় বাংলাদেশকে পূর্ণ সমর্থন জানানোয় মালদ্বীপের প্রেসিডেন্টের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।
ড. খলিলুর রহমান বৈঠকে উল্লেখ করেন, বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার অত্যন্ত দৃঢ়ভাবে ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্র নীতিতে বিশ্বাসী। এই নীতির আলোকেই পারস্পরিক সম্মান, জাতীয় স্বার্থ ও সহযোগিতার ভিত্তিতে প্রতিবেশীসহ বিশ্বের সব দেশের সঙ্গে টেকসই সুসম্পর্ক বজায় রাখাকে অগ্রাধিকার দিচ্ছে ঢাকা।
বৈঠকে সাম্প্রতিক আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি বিস্তারিত পর্যালোচনা করে দক্ষিণ এশিয়ার বৃহত্তর স্বার্থে সার্ককে নতুন রূপ ও উদ্দীপনায় সক্রিয় করার বিষয়ে উভয় নেতা একমত প্রকাশ করেন। একই সাথে দুই দেশের বর্তমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বাস্তবমুখী পদেক্ষেপে বাণিজ্য ও যোগাযোগ বাড়ানোর তাগিদ দেওয়া হয়।
মালদ্বীপে বর্তমানে অবস্থানরত বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী ও পেশাজীবীদের কর্মসংস্থান নিয়ে আলোচনা হলে প্রেসিডেন্ট মুইজ্জু মালদ্বীপের মূল অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশি শ্রমশক্তির ভূমিকার আন্তরিক স্বীকৃতি দেন ও প্রশংসা করেন।
উচ্চপর্যায়ের এ বৈঠকে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম, স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহসান এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন। পরবর্তীতে সফররত পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে দেশটির প্রেসিডেন্ট এক প্রীতি চা-চক্রের আয়োজন করেন এবং সন্ধ্যায় ড. খলিলুর রহমান স্থানীয় কূটনৈতিক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সাথে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতামত বিনিময় করেন।
|