পশ্চিম তীরে ২ দিনে শতাধিক ফিলিস্তিনি আটক, তল্লাশির নামে তাণ্ডব

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ
পশ্চিম তীরে ২ দিনে শতাধিক ফিলিস্তিনি আটক, তল্লাশির নামে তাণ্ডব

অনলাইন ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন শহরে অভিযান চালিয়ে গত দুই দিনে অন্তত ১২০ জনেরও বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বন্দি অধিকার রক্ষা সংস্থা ‘সামিদুন’ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটির পক্ষ থেকে দাবি করা হয়, সাম্প্রতিক কিছু সহিংসতার অজুহাত দেখিয়ে পশ্চিম তীরে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। এই অভিযানের অংশ হিসেবেই গত ৪৮ ঘণ্টায় শতাধিক ফিলিস্তিনিকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে।

বিবৃতি অনুযায়ী, ইসরায়েলি সেনারা মূলত নাবলুস, তুলকারেম ও হেবরন অঞ্চলকে কেন্দ্র করে এই অভিযান পরিচালনা করছে। অভিযান চলাকালে সেনারা সাধারণ ফিলিস্তিনিদের বাসাবাড়িতে জোরপূর্বক তল্লাশি চালায় এবং ব্যাপক ভাঙচুর ও সম্পদের ক্ষতিসাধন করে। এ ছাড়া অনেক জায়গায় আটক ব্যক্তিদে খোলা আকাশের নিচে রেখে জিজ্ঞাসাবাদের নামে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

সামিদুন আরও অভিযোগ করেছে, কয়েকটি জায়গায় সেনা সুরক্ষায় থাকা সশস্ত্র ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরাও ফিলিস্তিনিদের ওপর হামলায় অংশ নিয়েছে। পুরো প্রক্রিয়াটিকে সাধারণ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের একধরনের ‘সম্মিলিত শাস্তি ও প্রতিশোধমূলক পদক্ষেপ’ বলে অভিহিত করেছে মানবাধিকার সংস্থাটি।

এমন পরিস্থিতিতে পশ্চিম তীরে সাধারণ ফিলিস্তিনিদের নিরাপত্তা ও মানবাধিকার রক্ষায় জাতিসংঘ, আন্তর্জাতিক রেড ক্রস এবং বিশ্ব মানবাধিকার সংস্থাগুলোকে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আকুল আহ্বান জানিয়েছে সামিদুন।

মন্তব্য করুন