খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে: মির্জা ফখরুল
দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাকে একটি বিশাল চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করে কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানোর ওপর তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৬ জুলাই) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষি উদ্যোক্তা ও অ্যাগ্রো বিজনেসের আহ্বান নবীন শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, "কৃষিতে পড়াশোনা করলেই সবাইকে শুধু সরকারি চাকরিতে যেতে হবে এমন নয়। শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।"
তিনি আরও বলেন, কৃষির সঙ্গে সম্পর্কিত ব্যবসা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। কৃষিতে যারা পড়ালেখা করেন, তারা মাটির মানুষ এবং দেশপ্রেমিক। দেশের কৃষি খাতের অপার সম্ভাবনা কাজে লাগিয়ে তরুণরা উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করলে জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।
অর্থনীতি পুনর্নির্মাণ ও বেকারত্ব সংকট বিগত সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, "বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতির ভিত্তি একেবারেই ভেঙে দিয়েছে এবং প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করেছে। এসব সংকট থেকে উত্তরণের মধ্য দিয়ে বর্তমান সরকার দেশ মেরামত করে এগিয়ে নিচ্ছে।"
দেশে বেকারত্বের ভয়াবহ চিত্র তুলে ধরে তিনি বলেন, বর্তমানে দেশে ৪ কোটি শিক্ষিত বেকার যুবক রয়েছে এবং একটি পদের জন্য ৫ থেকে ৬ লাখ আবেদন জমা পড়ে। এই সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তাই কীভাবে অর্থনৈতিকভাবে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা যায়, সেদিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
কৃষি হাব ও গ্রিন এনার্জি শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এলজিআরডি মন্ত্রী জানান, কৃষিতে গুরুত্ব দিয়ে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ‘কৃষি হাব’ তৈরির কাজ চলছে।
বর্তমান বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, "সরকারের পাঁচ মাস না যেতেই অনেকে অনেক কথা বলছে। কিন্তু দেশে জ্বালানি, গ্যাস ও তেলের প্রকট সংকট রয়েছে। আমেরিকা-ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে এই জ্বালানি সংকট আরও বাড়ছে।" এই পরিস্থিতি মোকাবিলায় দেশকে গ্রিন এনার্জির (সবুজ জ্বালানি) দিকে এগিয়ে নেওয়ার কথা বলেন মন্ত্রী, যার সুফল প্রান্তিক কৃষকরাও পাবেন।
অন্যান্য অতিথিদের বক্তব্য অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, "বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষি গবেষণায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নবীন শিক্ষার্থীরা ভবিষ্যতে অগ্রণী ভূমিকা পালন করবে।"
শেকৃবির উপাচার্য ড. মো. আব্দুল লতিফের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।
|