আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ণ
আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের চাঞ্চল্যকর আইনজীবী অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত (৪২) হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার মাত্র ৫০ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় চালানো অভিযানে মূল হত্যাকারীসহ চারজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। অভিযানকালে প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি আধুনিক ছোরাও উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুরে বাগেরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয় বিষয়টি।

গ্রেপ্তারকৃতরা হলেন— শেখ মুরাদ (৪১), আবু তাহের দীপ ওরফে দিপু (২৯), মো. হাফিজুর রহমান (৪৮) এবং মো. শিপন শেখ (২৮)।

পুলিশের বরাতে জানা যায়, নিহত অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। গত ২৫ জুলাই রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে আদালতের জরুরি কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। রাত প্রায় ১টার দিকে বাগেরহাট পৌরসভার হাড়িখালী তেঁতুলতলা মোড়ে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাঁর গতিরোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে তাকে হত্যা করে চম্পট দেয়।

উক্ত নৃশংস ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে বাগেরহাট সদর মডেল থানায় মামলা করা হলে সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ সমন্বয়ে বিশেষ তদন্ত দল গঠিত হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে রোববার দিনগত রাত ৩টার দিকে সদর উপজেলার পিসি ডেমা এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।

বাগেরহাটের পুলিশ সুপার মো. নাসের রিকাবদার জানান, "৫০ ঘণ্টার মধ্যে ডিবি ও থানা পুলিশের অভিযানে আইনজীবী শান্ত হত্যার মূল পরিকল্পনাকারী শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রযুক্তিনির্ভর তদন্তে তারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।"

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ড মঞ্জুর হলে এই হত্যাকাণ্ডের মূল রহস্য ও কারণ উদঘাটন করা যাবে বলে আশাবাদী পুলিশ।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন