ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমেরিকানদের জীবন ও অর্থ বিসর্জন: থমাস ম্যাসি

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমেরিকানদের জীবন ও অর্থ বিসর্জন: থমাস ম্যাসি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি

অনলাইন ডেস্ক: ইরানের সঙ্গে সামরিক সংঘাতে জড়িয়ে যুক্তরাষ্ট্র সামরিক ও অর্থনৈতিক—উভয় দিক থেকেই মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে বলে অভিযোগ তুলেছেন মার্কিন রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি। ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির কড়া সমালোচনা করে তিনি দাবি করেন, এই সংঘাত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা, অর্থনীতি এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতায় প্রচণ্ড নেতিবাচক প্রভাব ফেলেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্টে ক্ষোভ প্রকাশ করে ম্যাসি লেখেন, "ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র আজ উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে।"

তিনি আরও অভিযোগ করেন, এই সংঘাতের মাশুল হিসেবে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ক্ষয়প্রাপ্ত হয়েছে, কৌশলগত তেলের মজুত আশঙ্কাজনকভাবে কমেছে, মার্কিন সেনা সদস্যদের প্রাণহানি ঘটেছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে এবং দেশের জাতীয় ঋণের পরিমাণ পাহাড়সম রূপ নিয়েছে।

ট্রাম্প প্রশাসন ও ইসরায়েলের নীতির সমালোচনা করে রিপাবলিকান এই আইনপ্রণেতা বলেন, "এই প্রশাসন আমাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিঃশেষ করেছে, কৌশলগত তেলের মজুত কমিয়েছে, আমাদের দেশের নারী ও পুরুষ সেনাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, মূল্যস্ফীতি বাড়িয়ে ভোক্তা পণ্যের দাম বাড়িয়েছে এবং জাতীয় ঋণের বোঝা ভারী করার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ প্রয়োজনগুলোকে পুরোপুরি উপেক্ষা করেছে—সবই করা হয়েছে কেবল ইসরায়েলের জন্য। সব দোষ ওদের।"

রাজনৈতিক বিশ্লেষকরা থমাস ম্যাসির এই বক্তব্যকে ট্রাম্প প্রশাসনের ইরান ও মধ্যপ্রাচ্য নীতির বিরুদ্ধে স্বদলীয় কোনো জ্যেষ্ঠ আইনপ্রণেতার চরম অসন্তোষের প্রকাশ হিসেবে দেখছেন। এর আগেও বিদেশে অহেতুক সামরিক হস্তক্ষেপ ও আন্তর্জাতিক সংঘাত পেছনে বিপুল পরিমাণ আমেরিকান করদাতাদের অর্থ অপচয় নিয়ে একাধিকবার সরব হয়েছিলেন থমাস ম্যাসি।

তবে কংগ্রেসম্যান ম্যাসির এই সরাসরি ও বিস্ফোরক অভিযোগের বিষয়ে ট্রাম্প প্রশাসন বা হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

মন্তব্য করুন