কটিয়াদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা মিলনায়তনে আজ ২৭ জুলাই ২০২৬ (সোমবার) সকাল ১০টায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা কার্যালয়, কিশোরগঞ্জের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক ইসতেহাদ আহমেদ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ভূঁইয়া (সবুজ)।
বিতর্ক প্রতিযোগিতায় কটিয়াদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়, মসূয়া উচ্চ বিদ্যালয়, মধ্যপাড়া উচ্চ বিদ্যালয় এবং আচমিতা বালিকা উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক।
যুক্তিতর্কের লড়াইয়ে মসূয়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং মধ্যপাড়া উচ্চ বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে সম্মাননা ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সততা, নৈতিকতা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা অপরিসীম। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে বাল্যকাল থেকেই দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে দারুণ সহায়তা করবে।
উক্ত আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|