ঝটিকা মিছিল রোধে ওসিদের কঠোর নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ণ
ঝটিকা মিছিল রোধে ওসিদের কঠোর নির্দেশ ডিএমপি কমিশনারের

বিশেষ সংবাদদাতা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উসকানি ও অপতৎপরতা রুখতে আগাম প্রতিরোধমূলক কৌশল নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর কোথাও কোনো ধরনের ঝটিকা মিছিল বা নিষিদ্ধ সংগঠনের তৎপরতা দেখা গেলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপ-পুলিশ কমিশনারের (ডিসি) বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এ কড়া নির্দেশনা দেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

ডিএমপি সূত্রে জানা গেছে, অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়ার সনাতন ধারা বদলে এখন থেকে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশের সমন্বিত উদ্যোগে প্রতিরোধমূলক পদক্ষেপ নিশ্চিত করা হবে। এজন্য রাজধানীর প্রতিটি প্রবেশমুখে কঠোর ব্লক চেক, স্পটভিত্তিক জিরো-গ্যাপ সিকিউরিটি ব্যবস্থা জোরদার এবং আবাসিক হোটেলগুলোতে বহিরাগত অতিথিদের তথ্য নিয়মিত সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার স্পষ্ট করে বলেন, "আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং ছাত্রলীগ সংগঠন হিসেবেই নিষিদ্ধ ঘোষিত। এসব নিষিদ্ধ দল বা সংগঠনের কোনো ধরনের অপতৎপরতা বরদাশত করা হবে না। কোনো থানা এলাকায় তাদের কার্যক্রম বা ঝটিকা মিছিল দেখা গেলে সংশ্লিষ্ট ডিসি ও ওসির বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।"

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন