ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি

প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ণ
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি

বিশেষ সংবাদদাতা: স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের যে সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হয়েছিল, তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। তবে ইসি ঘোষিত সাত ধাপে ইউপি নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে সরকার অবহিত ছিল না। এ বিষয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের লিখিত বা মৌখিক কোনো আলোচনা হয়নি বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, সোমবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাত ধাপে ইউপি নির্বাচন আয়োজনের একটি প্রাথমিক পরিকল্পনার কথা জানান।

ইসির প্রাথমিক খসড়া অনুযায়ী, প্রথম ধাপের ভোট আগামী ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট ৩০ ডিসেম্বর অনুষ্ঠানের কথা বলা হয়। এ ছাড়া পরবর্তী ধাপগুলোর সম্ভাব্য তারিখ আগামী বছরের ১৭ জানুয়ারি, ৪ ফেব্রুয়ারি, ২২ এপ্রিল এবং শেষ ধাপ ২৭ মে নির্ধারণের প্রাথমিক পরিকল্পনা প্রকাশ করা হয়েছিল।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন