পুলিশে রদবদল, ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
গত বুধবার (২৫ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। আদেশে স্বাক্ষর করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
প্রজ্ঞাপন অনুযায়ী, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিককে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি গাজীপুরের আরেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে মাগুরায় বদলি করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. নূরে আলমকে অতিরিক্ত পুলিশ সুপার পদে এসআরবিতে পদায়ন করা হয়েছে। অন্যদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. হাফিজুর রহমানকে খাগড়াছড়ি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে এবং একই সঙ্গে লালমনিরহাটে তাঁর আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে।
এ ছাড়া ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরীকে ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে। নরসিংদীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীনকে গাজীপুরে এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. সাকিব হোসাইনকে নরসিংদীর সদর সার্কেলে বদলি করা হয়েছে। পাশাপাশি এসআরবির সহকারী পুলিশ সুপার হাসান মুহাম্মদ মুকতারিমকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। অন্যথায় ৩০ নভেম্বর থেকে তাঁদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।
এআইএল/সকালবেলা