প্রধান উপদেষ্টার রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, “আমরা চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু বারবার সীমান্ত রক্তাক্ত করলে তো ভালো সম্পর্ক বজায় রাখা সম্ভব নয়।” আজ রবিবার (১০ মে) ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৪৫তম জাতীয় কাউন্সিল ২০২৬-এ বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
সীমান্তে বাংলাদেশিদের ওপর গুলি চালানোর সমালোচনা করে রিজভী বলেন, “সীমান্তে রক্তপাত কবে বন্ধ হবে? গতকালও ব্রাহ্মণবাড়িয়ায় দুজনকে গুলি করা হয়েছে। এ ধরনের আচরণ ভারতের সাধারণ মানুষও চায় না। বাংলাদেশের সঙ্গে স্থায়ী সুসম্পর্ক তৈরি করতে হলে দিল্লিকে এই সহিংসতার মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে।”
দেশের অবকাঠামো নির্মাণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “আপনাদের পেশাকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই। আপনারা জাতির কাঠামো নির্মাণ করেন। বিভিন্ন সময় নানা সমালোচনা হতে পারে, কিন্তু আপনাদের কাজ অব্যাহত রাখতে হবে।”
তিনি আরও যোগ করেন, বর্তমান নির্বাচিত সরকার দেশ গঠনে এবং উন্নয়নে যারা ভূমিকা রাখছে, তাদের প্রত্যেককেই যথাযথ মূল্যায়ন করবে। পেশাজীবীদের কাজের সঠিক মূল্যায়ন জনগণই করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জান্নাত/সকালবেলা