শ্রমিকরা যেন হাসিমুখে ঈদ করতে পারেন সে ব্যবস্থা নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

শ্রমিকরা যেন হাসিমুখে ঈদ করতে পারেন সে ব্যবস্থা নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট: শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা যেন সঠিক সময়ে পরিশোধ করা হয় এবং তারা যেন হাসিমুখে ঈদ উদ্‌যাপন করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা সরকার গ্রহণ করবে বলে জানিয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, "শ্রমিকদের পাওনা পরিশোধ নিয়ে সংশ্লিষ্ট সবাইকে আশ্বস্ত করছি, কারো শঙ্কার কোনো কারণ নেই। আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।"

রমজানের বাজার পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে বাজার স্থিতিশীল রয়েছে। প্রথম দু-একদিন লেবুসহ কয়েকটি পণ্যের দাম অহেতুক বেড়ে গেলেও তা এখন আবার আগের অবস্থায় ফিরে এসেছে।

কর বাড়ানো সংক্রান্ত অর্থমন্ত্রীর একটি বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, "আপনারা অর্থমন্ত্রীর বক্তব্য ভুল ব্যাখ্যা করবেন না। বাংলাদেশে ট্যাক্স-জিডিপির রেশিও (অনুপাত) পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় অনেক কম। এই অনুপাত কম হওয়ায় আদায়কৃত রাজস্ব সরকারের পরিচালন ব্যয়েই চলে যায়, ফলে উন্নয়নে পর্যাপ্ত ব্যয় সম্ভব হয় না। অর্থমন্ত্রী এই অনুপাত বাড়ানোর কথা বলেছেন, এতে ব্যক্তি খাতে কর বাড়বে না।"

বৈদেশিক বাণিজ্য প্রসঙ্গে মন্ত্রী জানান, এলডিসি (LDC) উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে দুদিন আগে ইউরোপীয় ইউনিয়নের কাছে মুক্তবাণিজ্য (Free Trade) চুক্তির বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গেও এ ধরনের চুক্তির উদ্যোগ নেওয়া হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন