বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
মহিউদ্দিন আহমেদ (বিশেষ প্রতিবেদক): গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রকাশ করেছেন সি স্টেজ (বিডি) লিমিটেড কারখানার ক্ষুব্ধ শ্রমিকেরা। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই মহাসড়ক অবরোধের ফলে দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে আন্দোলনরত শ্রমিকদের সরিয়ে দিতে কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিল্প পুলিশ, যার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার সংলগ্ন এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
আন্দোলনরত শ্রমিকদের সুনির্দিষ্ট অভিযোগ, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন নির্ধারিত সময়ে পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেনি কারখানা কর্তৃপক্ষ। এর আগে ১০ অক্টোবর বেতনের দাবিতে বিক্ষোভের মুখে ১৩ অক্টোবর তা পরিশোধের লিখিত আশ্বাস দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত তারিখে বেতন না দিয়ে উল্টো বৃহস্পতিবার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে পড়েন।
অবরোধের খবর পেয়ে শিল্প পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায় এবং মালিকপক্ষের সাথে সমঝোতার প্রস্তাব দেয়। কিন্তু আন্দোলনকারীরা অবরোধ অব্যাহত রাখলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তি বাড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শেষ পর্যন্ত সাউন্ড গ্রেনেড প্রয়োগ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন (পিপিএম) জানান, "সেপ্টেম্বর মাসের বেতনের দাবিতে শ্রমিকেরা মহাসড়ক অবরুদ্ধ করে রেখেছিলেন। আলোচনার আশ্বাস সত্ত্বেও সড়ক না ছাড়ায় সামান্য সাউন্ড গ্রেনেড ছুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। মালিকপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত বেতন সুরাহার চেষ্টা চলছে।"
এআইএল/সকালবেলা