আওয়ামী মন্ত্রীর মেয়ের ভারতে যাওয়ার অনুমতি বাতিল
সকালবেলা ডেস্ক: সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের মেয়ে ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মেহেরিন মুনজারিন রত্নাকে দেওয়া ভারত ভ্রমণের অনুমতি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার (১৬ অক্টোবর) বাউবির তথ্য ও জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
এর আগে গত ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগ থেকে এক অফিস আদেশের মাধ্যমে মেহেরিনকে ১৬ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অর্জিত ছুটিসহ ভারতে যাওয়ার অনাপত্তি সনদ (এনওসি) মঞ্জুর করা হয়েছিল। ছুটির আবেদনে তিনি তাঁর স্বামীর চিকিৎসার উদ্দেশ্যে ভারত গমনের কথা উল্লেখ করেছিলেন।
তবে শুক্রবার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বাউবি কর্তৃপক্ষ জানায়, অনিবার্য কারণবশত পূর্বের সেই অফিস আদেশটি বাতিল করা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট সকল বিভাগ ও কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাবেক এই মন্ত্রীর মেয়ের ভারত গমন নিয়ে বিভিন্ন মহলে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছিল। তবে বাউবি কর্তৃপক্ষের আকস্মিক এই সিদ্ধান্তের ফলে তাঁর ভারত সফর স্থগিত হয়ে গেল।
এআইএল/সকালবেলা