অবরোধ স্থগিতের ঘোষণার পর খুলল সাজেক পর্যটনকেন্দ্র
মো. ইমরান হোসেন (বাঘাইছড়ি-রাঙামাটি): রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন গন্তব্য সাজেক পর্যটনকেন্দ্র ভ্রমণপ্রত্যাশীদের জন্য পুনরায় উন্মুক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত ওই গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১১ অক্টোবর জারি করা স্থগিতাদেশের সিদ্ধান্ত পরিবর্তন করে সাজেক পর্যটনকেন্দ্র সকল পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো।
এর আগে, সাজেক আঞ্চলিক সড়কে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণার মুখে পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও সম্ভাব্য ঝুঁকি এড়ানোর লক্ষ্যে সাজেক ভ্রমণ সাময়িকভাবে স্থগিত করেছিল জেলা প্রশাসন।
এদিকে, সশস্ত্র জেএসএস সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার থেকে পুনরায় সাজেক সড়কে অবরোধ কর্মসূচি শুরু করেছিল সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। তবে শারদীয় দুর্গোৎসবের বিষয়টিকে বিবেচনায় নিয়ে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত তাঁদের কর্মসূচি স্থগিত করার যৌথ ঘোষণা দেয় সংগঠন দুটি। আন্দোলনকারীদের পক্ষ থেকে অবরোধ স্থগিতের এই ঘোষণার পরই জেলা প্রশাসন দ্রুত পর্যটনকেন্দ্রটি খোলার বিজ্ঞপ্তি জারি করে।
দেশের অন্যতম প্রধান এই ভ্রমণ গন্তব্য পুনরায় খুলে দেওয়ায় বিনোদনপ্রেমী পর্যটকদের আনাগোনা শুরুর পাশাপাশি স্থানীয় পর্যটননির্ভর ব্যবসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক স্থায়িত্ব ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
এআইএল/সকালবেলা