নাগরপুরে বখাটে ছাত্রের হাতে শিক্ষিকা লাঞ্ছিত
রিপন খান রবিন (নাগরপুর-টাঙ্গাইল): টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পচাসারুটিয়া মেহের আলী খান স্কুল অ্যান্ড কলেজের এক সহকারী শিক্ষিকা শ্রেণিকক্ষে বখাটে শিক্ষার্থীর হাতে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৪ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদানকালে এ অপ্রীতিকর ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষিকা রিমা রানী পাল ঘটনার প্রতিকার ও বিচার চেয়ে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, ওই দিন প্রতিষ্ঠানের চারতলা একাডেমিক ভবনে যথারীতি শ্রেণি কার্যক্রম চলছিল। দশম শ্রেণির ষষ্ঠ ঘণ্টার বাংলা ক্লাসে পাঠদান করাচ্ছিলেন সহকারী শিক্ষিকা রিমা রানী পাল। এ সময় শ্রেণিকক্ষে উচ্চশব্দে কথা বলতে থাকা শিক্ষার্থী ইব্রাহিম খলিলকে শান্ত থাকতে বললে সে শিক্ষিকার ওপর চড়াও হয়। একপর্যায়ে বখাটে ওই শিক্ষার্থী শিক্ষিকাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ও তাঁর ওপর আঘাত হানে।
ঘটনার পরপরই অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ক্লাসরুমে ঢুকে একজন নারী শিক্ষককে লাঞ্ছিত করার মতো ন্যাক্কারজনক ঘটনায় অভিভাবক, শিক্ষক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুর রহমান বলেন, "দশম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে সহকারী শিক্ষিকা লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি পরিচালনা পর্ষদের সভাপতিকে অবগত করা হয়েছে। সভা ডেকে সর্বসম্মতিক্রমে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে অপরাধী শিক্ষার্থীর উপযুক্ত শাস্তি নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষিকা ও ক্ষুব্ধ অভিভাবকেরা।
এআইএল/সকালবেলা