হারামাইনের সুরক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
অনক আলী হোসেন শাহিদী: পবিত্র মক্কা ও মদিনাসহ সমগ্র সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও পবিত্র স্থানগুলোর সুরক্ষা নিশ্চিত করতে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস।
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘হারামাইন শরিফাইনের সুরক্ষায় হুথি সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান: আমাদের ঈমানি দায়িত্ব’ শীর্ষক এক জাতীয় সেমিনারে বক্তারা এই দাবি জানান।
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের সভাপতি ড. আবদুল্লাহ ফারুকের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোহাম্মদ আসাদুল ইসলাম। সেমিনারে অন্যান্যের মধ্যে আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর, ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, প্রফেসর ড. মোহাম্মদ রইসউদ্দিনসহ বিশিষ্ট আলেমরা বক্তব্য প্রদান করেন।
সেমিনারে বক্তারা বলেন, পবিত্র মক্কা-মদিনা বিশ্বের কোটি কোটি মুসলমানের ধর্মীয় আবেগের কেন্দ্র। এ দুই পবিত্র নগরী কিংবা সৌদি আরব আক্রান্ত হলে বিশ্বব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। তাঁরা মনে করেন, সৌদি আরবের স্থায়িত্ব ও নিরাপত্তার সাথে ধর্মীয় অনুভূতির পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ এবং সেখানে কর্মরত প্রায় ৫০ লাখ প্রবাসীর জীবন-জীবিকা প্রত্যক্ষভাবে জড়িত।
সভাপতির বক্তব্যে ড. আবদুল্লাহ ফারুক হুথি হামলায় সৌদি আরবের ক্ষয়ক্ষতির তীব্র নিন্দা জানান। একই সাথে সৌদি আরবের পক্ষে বাংলাদেশ সরকারের অবস্থানকে স্বাগত জানিয়ে কেবল বিবৃতিতে সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক পরিমন্ডলে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার তাগিদ দেন।
এআইএল/সকালবেলা