ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বেসরকারি খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৮৯ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল সুবিধা নেওয়ার মাত্র দুই মাসের মাথায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পেলেন ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমান। আজ বুধবার সরকার তাকে আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত করার ঘোষণা দেওয়ার পর ব্যাংকিং খাতে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
দ্য ডেইলি স্টারের হাতে আসা নথিপত্র এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, মোস্তাকুর রহমানের মালিকানাধীন রপ্তানিকারক প্রতিষ্ঠান 'হেরা সোয়েটার্স লিমিটেড' গত ডিসেম্বরে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নীতিমালার আওতায় ৮৯ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করে। ব্যাংকটি তাকে ২ বছরের গ্রেস পিরিয়ডসহ (কিস্তি স্থগিত রাখা) মোট ১০ বছর মেয়াদে এই ঋণ পরিশোধের বিশেষ সুবিধা দিয়েছে।
উল্লেখ্য, হেরা সোয়েটার্স প্রথমে ১৫ বছরের মেয়াদ ও বিশেষ কম সুদের আবেদন করলেও ব্যাংক শেষ পর্যন্ত ১০ বছরের অনুমোদন দেয়।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন সক্রিয় ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ দেওয়ায় প্রশ্ন তুলেছেন বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি)। নাম প্রকাশ না করার শর্তে অন্তত তিনজন এমডি জানিয়েছেন, এটি একটি বড় ধরনের 'কনফ্লিক্ট অব ইন্টারেস্ট' বা স্বার্থের সংঘাত।
একজন ব্যাংক কর্মকর্তা বলেন, "যিনি নিজের কোম্পানির খেলাপি ঋণ পুনঃতফসিল করতে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নীতিমালার সুবিধাভোগী হয়েছেন, তিনি এখন সেই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে পুরো খাতের তদারকি করবেন। এটি নীতি নির্ধারণের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে সংশয় তৈরি করে।"
মোস্তাকুর রহমান চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের এই সময়ে তাঁর নিয়োগকে অনেকেই রাজনৈতিক বিবেচনা হিসেবে দেখছেন।
এই নিয়োগের বিষয়ে মন্তব্য জানতে মো. মোস্তাকুর রহমানের সাথে মোবাইল ফোন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এর আগে গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে নতুন এই নিয়োগের সিদ্ধান্ত সরকারকে সমালোচনার মুখে ফেলেছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ