অনলাইন ডেস্ক: সব ধরনের ভারতীয় ভিসা প্রদান প্রক্রিয়া খুব শিগগিরই আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে আশ্বস্ত করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
সহকারী হাইকমিশনার জানান, বর্তমানে বাংলাদেশিদের জন্য শুধু মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা চালু রয়েছে। তবে পর্যটনসহ অন্যান্য ক্যাটাগরির যেসব ভিসা আপাতত বন্ধ রয়েছে, সেগুলো পুনরায় চালু করার জন্য ইতোমধ্যে দুই দেশের মধ্যে জোরালো উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে এবং ভিসা প্রক্রিয়া আগের অবস্থায় ফিরে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে অনিরুদ্ধ দাস বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ওপর প্রতিষ্ঠিত। দুই দেশের সাধারণ মানুষই হবে এই স্থিতিশীল, ইতিবাচক ও দীর্ঘমেয়াদি সম্পর্কের মূল অংশীদার। তিনি আরও বলেন, অতীতকাল থেকেই দুই দেশের মানুষের চিন্তা-চেতনা ও সংস্কৃতি এক সুতোয় গাঁথা রয়েছে, যা আগামী দিনেও পারস্পরিক উন্নয়নের স্বার্থে অটুট থাকবে।
এম.এম/সকালবেলা