ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সদ্য অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের পক্ষে ভোট দেওয়ায় উপজেলা বিএনপির সদস্য আবদুল মান্নান তালুকদারের মাথা ন্যাড়া করে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৌরীপুর থানায় মামলা করেছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতের দিকে আবদুল মান্নান তালুকদার নিজেই থানায় বাদী হয়ে মামলা করেন। মামলায় গৌরীপুর পৌর কৃষক দলের সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুন্সিকে প্রধান আসামি করা হয়েছে। ওই পৌর কৃষক দলের সভাপতি এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের হয়ে কাজ করেছেন।
লাঞ্ছনার শিকার তালুকদার বলেন, ‘১৮ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে গৌরীপুর পৌরসভার নতুন বাসস্ট্যান্ড রেলক্রসিং এলাকা দিয়ে ময়মনসিংহ যাওয়ার পথে শাহী মুন্সি আমাকে দেখতে পান। রেলক্রসিং অতিক্রমের সময় অটোরিকশা ব্যারিকেড করলে তিনি আমাকে টেনে নামিয়ে শারীরিক নির্যাতন করেন। পরে একটি চেয়ারে বসিয়ে মাথার চুল কেটে ন্যাড়া করে লাঞ্ছিত করা হয় এবং পথচারীদের সামনে দেখানো হয়।’
তিনি আরও জানান, ‘১৭ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি, বারবার জেল খেটেছি, কিন্তু কখনও এমন নির্যাতনের শিকার হইনি। একমাত্র অপরাধ ছিল নির্বাচনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করা।’
তবে গৌরীপুর পৌর কৃষক দলের সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুন্সি এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে আমি জড়িত নই। বিএনপির সুনাম নষ্ট করতে মিথ্যা তথ্য দিয়ে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।’
স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, ‘আমাদের দলের নেতাকর্মীরা ভোটের কারণে তালুকদারকে লাঞ্ছিত করেছে। এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না।’
কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ময়মনসিংহ জেলা কৃষক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার আকন্দ বলেন, ‘ঘটনাটি শুনেছি। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকেও জানানো হয়েছে। সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, ‘রাতে মামলা হয়েছে। শাহী মুন্সিকে প্রধান আসামি করা হয়েছে। আরও সাত থেকে আট অজ্ঞাত আসামি রয়েছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ