৬ মাস পর মন্ত্রীদের কাজের মূল্যায়ন: বাজার নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা ও বিদ্যুৎ-জ্বালানিতে অগ্রাধিকার

৬ মাস পর মন্ত্রীদের কাজের মূল্যায়ন: বাজার নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা ও বিদ্যুৎ-জ্বালানিতে অগ্রাধিকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আগামী ছয় মাসের কাজের অগ্রগতি বিবেচনা করে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার পরিচালনায় কোনো ধরনের গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট মন্ত্রীকে সরিয়ে দেওয়ার কড়া ইঙ্গিতও দিয়েছেন তিনি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ৩টায় সচিবালয়ে নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এই নির্দেশ দেন। এ সময় তিনি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার পাশাপাশি বাজার নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিদ্যুৎ-জ্বালানি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলেন।

গত মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমানের নেতৃত্বে ২৫ জন মন্ত্রী, ২৪ জন প্রতিমন্ত্রী এবং ১০ জন উপদেষ্টাকে (৫ জন মন্ত্রী ও ৫ জন প্রতিমন্ত্রী পদমর্যাদার) নিয়ে এই নতুন মন্ত্রিপরিষদ গঠিত হয়। বুধবারের প্রথম বৈঠকে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পাশাপাশি উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গেও আলাদা সভা করেন। মন্ত্রিসভার একাধিক সূত্র জানায়, প্রধানমন্ত্রী সবাইকে সততার সঙ্গে কাজ করার কঠোর নির্দেশনা দিয়েছেন এবং দুর্নীতির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন। পাশাপাশি প্রতিটি মন্ত্রণালয়কে আগামী ১৮০ দিনের একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন, যেখানে বিএনপির নির্বাচনী ইশতেহারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। আগামী এক-দুই দিনের মধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের এই কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন।

বৈঠকে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে বিশেষ তাগিদ দেওয়া হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভোগ্যপণ্য সরবরাহ স্বাভাবিক রাখা এবং সাহ্‌রি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া রোজা ও ঈদযাত্রাকে বাধাবিঘ্নহীন করতে মহাসড়কগুলোর বর্তমান অবস্থা যাচাই করে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারপ্রধান নিজেই প্রত্যেক মন্ত্রীর কাজের গতি, সততা ও পরিকল্পনা সরাসরি তদারকি করবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। ইশতেহার বাস্তবায়নে মেধার ভিত্তিতে সবাইকে মূল্যায়ন করা হবে, কার রাজনৈতিক সংশ্লিষ্টতা কী—তা দেখা হবে না। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, এই মুহূর্তে তাদের প্রধান লক্ষ্য হলো রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা। অন্যদিকে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, ১৮০ দিনের পরিকল্পনাটি আগেই তৈরি করা ছিল, যা দ্রুত জনগণের সামনে প্রকাশ করা হবে। তিনি আরও উল্লেখ করেন, এটি মূলত একটি সৌজন্যমূলক সভা ছিল বিধায় উপদেষ্টারাও এতে উপস্থিত ছিলেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন