ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
অনলাইন ডেস্ক: সড়কে বিভিন্ন পরিবহন থেকে টাকা আদায়কে ‘সমঝোতা’ বা ‘অলিখিত বিধি’ বলে সড়ক পরিবহন মন্ত্রীর দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ডা. তাসনিম জারা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে সাবেক এই এনসিপি নেত্রী বলেন, মন্ত্রী যাকে সমঝোতা বলছেন, বাস্তবে তা চালকদের ওপর চাপিয়ে দেওয়া একটি অবৈধ পদ্ধতি। কোনো চালক নির্দিষ্ট রুটে গাড়ি চালাতে গেলে তাকে নির্দিষ্ট সংস্থাকে টাকা দিতেই হয়। একে সমঝোতার মোড়ক দেওয়ার অর্থ হলো একটি অনিয়মকে বৈধতার ভাষা দেওয়া।
ফেসবুক পোস্টে ডা. তাসনিম জারা উল্লেখ করেন, এই অবৈধ লেনদেনের সরাসরি প্রভাব সাধারণ মানুষের পকেটে পড়ে। অলিখিত এই চাঁদার কারণেই বাসভাড়া এবং পণ্যবাহী ট্রাকের ক্ষেত্রে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়, যার চূড়ান্ত দায় মেটাতে হয় সাধারণ যাত্রী ও ভোক্তাকেই। মন্ত্রী যখন নিজেই বলেন, ‘যখন যে দল ক্ষমতায় থাকে, তাদের আধিপত্য থাকে’, তখন এই অর্থ আদায় প্রক্রিয়া রাজনৈতিক ক্যাডারদের পৃষ্ঠপোষকতার মাধ্যম কি না, সে বিষয়েও তিনি প্রশ্ন তোলেন এবং এর একটি স্বচ্ছ ব্যাখ্যার দাবি জানান।
রাস্তায় টাকা তোলা বন্ধের জোর দাবি জানিয়ে তিনি বলেন, মালিক বা শ্রমিক সমিতির কল্যাণ তহবিলে অর্থের প্রয়োজন হলে তা ব্যাংক অ্যাকাউন্ট বা বার্ষিক রেজিস্ট্রেশন ফির সঙ্গে যুক্ত করে আনুষ্ঠানিক ও স্বচ্ছ পদ্ধতিতে আদায় করা যেতে পারে। আদায় করা কোটি কোটি টাকার পূর্ণাঙ্গ অডিট নিশ্চিত করে তা সাধারণ শ্রমিকের কল্যাণে নাকি নির্দিষ্ট গোষ্ঠীর পকেটে যাচ্ছে, সেটি প্রকাশেরও দাবি জানান তিনি। সরকারের প্রধান দায়িত্ব সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা উল্লেখ করে তাসনিম জারা বলেন, অনিয়মকে ‘অলিখিত বিধি’ হিসেবে স্বীকৃতি দিয়ে সরকার যেন সাধারণ মানুষকে হতাশ না করে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ