এপস্টেইন কেলেঙ্কারিতে সাবেক ব্রিটিশ যুবরাজ অ্যান্ড্রু গ্রেপ্তার

এপস্টেইন কেলেঙ্কারিতে সাবেক ব্রিটিশ যুবরাজ অ্যান্ড্রু গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: কুখ্যাত জেফরি এপস্টেইন কেলেঙ্কারির জেরে সরকারি পদে অসদাচরণের অভিযোগে সাবেক ব্রিটিশ যুবরাজ অ্যান্ড্রু আলবার্টকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তার ৬৬তম জন্মদিনের সকালে নরফোক শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের টেমস ভ্যালি পুলিশ ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা এক বিবৃতিতে জানালেও, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিশ্চিত করেছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তিটি সাবেক প্রিন্স অ্যান্ড্রু।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে নরফোকে রাজকীয় স্যান্ডরিংহাম এস্টেট থেকে পুলিশ তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। গত বছরের অক্টোবরে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস তার ভাই অ্যান্ড্রুর রাজকীয় সব পদবি ও সম্মাননা বাতিল করেন, এরপর থেকে তিনি অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর নামে পরিচিত হলেও প্রিন্স অ্যান্ড্রু নামেই তার পরিচিতি বেশি। বিবিসির বিশেষ সংবাদদাতা লুসি ম্যানিং জানিয়েছেন, এপস্টেইন ফাইল তদন্তে এই গ্রেপ্তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়। মূলত যুক্তরাজ্যের বাণিজ্য দূত হিসেবে দায়িত্ব পালনের সময় জেফরি এপস্টেইনের কাছে কিছু গুরুত্বপূর্ণ নথি হস্তান্তরের অভিযোগেই তার বিরুদ্ধে সরকারি পদে অসদাচরণের এই মামলাটি হয়েছে।

নথি পাচারের পাশাপাশি সাবেক এই যুবরাজের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির গুরুতর অভিযোগও রয়েছে। জেফরি এপস্টেইন সংক্রান্ত ফাইলে একাধিকবার তার নাম উঠে এসেছে। ভার্জিনিয়া জুফ্রে নামের এক নারী অভিযোগ করেছিলেন, তাকে প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে তিনবার জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয়েছিল, যার মধ্যে দুটি ঘটনা ঘটেছিল যখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর। এছাড়া সম্প্রতি প্রকাশিত কিছু ছবিতেও অ্যান্ড্রুকে আপত্তিকর অবস্থায় দেখা গেছে। পুলিশ বর্তমানে অসদাচরণের পাশাপাশি এই যৌন কেলেঙ্কারির অভিযোগগুলোও নিবিড়ভাবে খতিয়ে দেখছে। তবে সাবেক এই যুবরাজ বরাবরই তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন