সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক: জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস ২০২৬’ উপলক্ষ্যে শনিবার (২০ জুন) দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সামুদ্রিক সম্পদের সুরক্ষা, সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুনীল অর্থনীতির বিকাশে দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি জানান, হাইড্রোগ্রাফিক কার্যক্রমের আধুনিকায়ন, উন্নত প্রযুক্তির সংযোজন, তথ্যব্যবস্থার ডিজিটাল রূপান্তর এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এসব লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সমুদ্র শুধু ভৌগোলিক সীমানা নয়, এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি নিরাপত্তা ও কৌশলগত সক্ষমতার গুরুত্বপূর্ণ ভিত্তি।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের বিস্তীর্ণ সমুদ্রাঞ্চল প্রাকৃতিক সম্পদ ও বাণিজ্যিক সম্ভাবনায় সমৃদ্ধ, যা দেশের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডিজিটাল হাইড্রোগ্রাফি, জিওস্পেশাল ডাটা ব্যবস্থাপনা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার এ খাতে নতুন সম্ভাবনা তৈরি করছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি দক্ষ মানবসম্পদ উন্নয়ন, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে সামুদ্রিক সম্পদ কাজে লাগানো গেলে একটি সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
|