বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি, পুশইনের চেষ্টা ব্যর্থ
উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জন মানুষকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অকুতোভয় ও কঠোর অবস্থানের কারণে ভারতীয় বাহিনীর সেই চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
গত শুক্রবার (১৯ জুন) গভীর রাতে চৌকা সীমান্ত এলাকায় এই উত্তেজনাপূর্ণ ঘটনাটি ঘটে। আজ শনিবার (২০ জুন) বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে ২০ জন মানুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে টহলরত বিজিবি সদস্যরা দ্রুত সেখানে ছুটে যান এবং অনুপ্রবেশে তীব্র বাধা দেন। একপর্যায়ে সীমান্তের শূন্যরেখায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা মুখোমুখি অবস্থানে চলে যান।
ওই সময় বিজিবি সদস্যদের অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বিএসএফকে বলতে শোনা যায়, “আমরা এক পা-ও পেছনে সরবো না। আপনারা আগে সরে যান, তারপর আমরা সরবো।” বিজিবির এমন অনড় ও সাহসী অবস্থানের মুখে শেষ পর্যন্ত বিএসএফ পিছু হটতে বাধ্য হয় এবং পুশইনের চেষ্টা থেকে বিরত থাকে।
পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ওই ২০ জনকে সীমান্তের নো-ম্যানস ল্যান্ডের ভারতীয় অংশে রেখে দেওয়া হয়। পরবর্তীতে আজ শনিবার দুপুরে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সুকদেবপুর ক্যাম্পের সদস্যরা তাদের নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়।
৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির অতন্দ্র তৎপরতায় বিএসএফের পুশইনের অপচেষ্টা সফলভাবে প্রতিহত করা গেছে। পুশইনের শিকার হওয়া ওই ২০ জনের মধ্যে ১১ জন নারী, ৪ জন শিশু এবং ৫ জন পুরুষ ছিলেন।
তিনি আরও স্পষ্ট করে বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতে দেশের অভ্যন্তরে যেন কোনোভাবেই এ ধরনের অবৈধ অনুপ্রবেশের ঘটনা না ঘটতে পারে, সেজন্য সীমান্ত এলাকায় টহল এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
এআইএল/সকালবেলা
|