মোহাম্মদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ

প্রকাশ: শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ণ
মোহাম্মদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং নিজের একটি অভিনব চুরির অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, এলাকার নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে তিনি নিজ উদ্যোগে কিছু সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছিলেন; কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, ৪৮ ঘণ্টা পার হওয়ার আগেই সেই সিসি ক্যামেরাগুলো চুরি হয়ে যায়।

গত শুক্রবার (১৯ জুন) বিকেলে মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা–১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

উন্মুক্ত এই আলোচনায় স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মোহাম্মদপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি উল্লেখ করেন, "এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে শুধু প্রশাসনের ওপর নির্ভর করে বসে থাকলে চলবে না, স্থানীয় জনগণকেও এখানে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।"

তিনি আরও বলেন, বর্তমানে মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি নিরাপত্তার অভাবে তাঁর সহকর্মী নুর ইসলামও হামলার শিকার হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

এলাকায় অপরাধ দমনে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে দ্রুত ‘কমিউনিটি পুলিশিং’ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি আশ্বাস দেন, এ বিষয়ে খুব শিগগিরই একটি কার্যকর কমিটি গঠন করা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, এলাকায় নিরাপত্তা বাড়াতে পুলিশের টহল কার্যক্রম বৃদ্ধির চেষ্টা চলছে, তবে পরিস্থিতির স্থায়ী অগ্রগতির জন্য এই ব্যবস্থার আরও আধুনিকায়ন ও উন্নয়ন প্রয়োজন। অপরাধীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, মোহাম্মদপুরে কোনো ধরনের সন্ত্রাস, আগ্রাসন কিংবা চাঁদাবাজি বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন