মাদক নির্মূলে বিএনপি প্রশাসনকে সহযোগিতা করবে: এমপি মামুন
জামালপুর প্রতিনিধি: বিএনপির কোনো নেতাকর্মী যদি মাদকের সঙ্গে জড়িত থাকে, তবে আগে তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি ঘোষণা দেন, মাদক নির্মূলে বিএনপি প্রশাসনের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবে।
আজ শনিবার (২০ জুন) দুপুরে জামালপুর জেলা বিএনপি আয়োজিত মাদকবিরোধী এক শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন বলেন, "স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকারের দোসররা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে পুনরায় অপতৎপরতা শুরু করেছে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এখন প্রকাশ্যে কোনো মিছিল বা সমাবেশ করার যোগ্যতা রাখে না। যদি তারা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে রাজপথেই তা কঠোরভাবে প্রতিহত করা হবে।" এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সর্বদা সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি শহীদুল হক খান দুলাল, লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন।
সমাবেশ শেষে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল মাদকবিরোধী শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিএনপিসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এআইএল/সকালবেলা
|