সাংবাদিক রেজানুর ইসলামকে গ্রেফতারে সম্পাদক পরিষদের উদ্বেগ

প্রকাশ: শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ণ
সাংবাদিক রেজানুর ইসলামকে গ্রেফতারে সম্পাদক পরিষদের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: সংবাদ প্রকাশের জেরে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। একই সঙ্গে তার অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, এ ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। কোনো সংবাদ বা প্রতিবেদনের বিষয়ে আপত্তি থাকলে তার প্রতিকারে দেশের বিদ্যমান আইনগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি প্রেস কাউন্সিলে অভিযোগ বা প্রচলিত আইন অনুযায়ী মামলা করতে পারেন।

সম্পাদক পরিষদের মতে, একজন সাংবাদিকের করা মামলায় আরেকজন সাংবাদিককে গ্রেফতার ও কারাগারে পাঠানো স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক দৃষ্টান্ত।

বিবৃতিতে আরও বলা হয়, অতীতেও সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ও হয়রানির ঘটনা ঘটেছে। বর্তমান ঘটনাও সেই প্রবণতার পুনরাবৃত্তি বলে মনে করছে সম্পাদক পরিষদ।

সংগঠনটি বলেছে, এ ধরনের ঘটনা সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গণমাধ্যমের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।

এ ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের পরিবর্তে বিদ্যমান আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো, বিশেষ করে প্রেস কাউন্সিলের মাধ্যমে প্রতিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন