মুকসুদপুরে জাল নোট প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
রাসেল শেখ, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোটের ব্যবহার রোধ ও এ বিষয়ে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২০ জুন) সকালে মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়।
সোনালী ব্যাংক পিএলসি মুকসুদপুর শাখার ব্যবস্থাপনায় এবং উপজেলায় কর্মরত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মো. মনজুর রহমান।
কর্মশালায় মূল বক্তা ও ‘রিসোর্স পার্সন’ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান। তিনি উপস্থিত কর্মকর্তা ও সুধীসমাজের মাঝে আসল ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন এবং খুব সহজে কীভাবে জাল নোট চেনা যায়, সে বিষয়ে বাস্তবমুখী আলোচনা করেন।
সোনালী ব্যাংক পিএলসি মুকসুদপুর শাখার ম্যানেজার রতন কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনালী ব্যাংক গোপালগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ, মুকসুদপুর থানার এসআই অনোক কুমার ঘোষ, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া এবং মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু এবং জনতা ব্যাংক মুকসুদপুর শাখার ম্যানেজার এনামুল হাসানসহ স্থানীয় ব্যবসায়ী, ব্যাংক কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
এআইএল/সকালবেলা
|