নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস, প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপন জারি

নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস, প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপন জারি

দেশের নদী, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে একটি উচ্চক্ষমতাসম্পন্ন ‘সেল’ গঠন করেছে সরকার। গত ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

৮ সদস্যের এই বিশেষ সেলের সভাপতি করা হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ-কে। সদস্য হিসেবে রয়েছেন ভূমি, কৃষি, স্থানীয় সরকার, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিববৃন্দ। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালককেও সদস্য করা হয়েছে। সেলের সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব।

 প্রজ্ঞাপন অনুযায়ী, এই সেলটি নদী ও জলাশয় খননের জন্য পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করবে। বিভিন্ন সংস্থার চলমান প্রকল্পের মধ্যে সমন্বয় সাধন এবং খনন কার্যক্রমের সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে। পাশাপাশি নদী রক্ষায় জনসম্পৃক্ততা বাড়াতে বিশেষ প্রচারণার উদ্যোগ নেবে এই সেল।

পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে এই সেলকে প্রয়োজনীয় সকল দাপ্তরিক ও সচিবালয় সহায়তা প্রদান করা হবে। এছাড়া কাজের সুবিধার্থে সেলটি প্রয়োজনে নতুন সদস্য যুক্ত (কো-অপ্ট) করতে পারবে। প্রজ্ঞাপন জারির পর থেকেই এই আদেশ কার্যকর করা হয়েছে।

মন্তব্য করুন