এখনই বাড়ছে না রেল ও নৌ পরিবহনের ভাড়া

এখনই বাড়ছে না রেল ও নৌ পরিবহনের ভাড়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানোর এই ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচিত হবে না।

সচিবালয়ে পরিবহন ভাড়া বাড়ানোর বিষয়ে শ্রমিক মালিকদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী বলেন, আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। সড়ক মন্ত্রী আরও জানান, জ্বালানি তেলের দাম কমে গেলে বাস ভাড়া আবারও কমানো হবে। তবে রেল ও নৌ পরিবহনের ভাড়া এখনই বাড়ছে না বলে স্পষ্ট করেছেন তিনি। এর আগে গত ২২ এপ্রিল সচিবালয়ে তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে ভাড়া নির্ধারণ সংক্রান্ত বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত হয়নি; যা বৃহস্পতিবার চূড়ান্ত করা হলো।

এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, পরিবহন খাত বর্তমানে ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে রয়েছে। সম্প্রতি ডিজেলে লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানিকৃত খুচরা যন্ত্রাংশ ও সামগ্রিক যানবাহন রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেড়েছে। পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানির দাম ও রক্ষণাবেক্ষণ খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন পরিবহন নেতারা।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন