শান্তর সেঞ্চুরি ও লিটনের হাফসেঞ্চুরিতে বাংলাদেশের পুঁজি ২৬৫

শান্তর সেঞ্চুরি ও লিটনের হাফসেঞ্চুরিতে বাংলাদেশের পুঁজি ২৬৫

খেলা ডেস্ক: ব্যাট হাতে শুরুর গল্পে পুরোনো ব্যর্থতার প্রতিচ্ছবি। রানের খাতা খোলার আগে বিদায় নেন সাইফ হাসান। দ্রুতই সাজঘরের পথ ধরেন অন্য ওপেনার তানজিদ হাসান তামিম। আরেকটি ব্যাটিং ব্যর্থতা দেখার প্রস্তুতি হয়তো নিচ্ছিলেন সাগরিকার দর্শকরা। তবে সেটি হতে দেননি নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। দুই পরীক্ষিত সৈনিকের ব্যাটে চড়ে লড়াইয়ের পুঁজি দাঁড় করিয়েছে বাংলাদেশ।

অলিখিত ফাইনালে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। আগে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ২৬৫ রান।

ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম বিপর্যয়ে পড়েন। ইনিংসের দ্বিতীয় বলেই উইল ও'রোর্কের ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সাইফ। স্কোরবোর্ডে কোনো রান জমা হওয়ার আগেই প্রথম উইকেটের পতন ঘটে। তৃতীয় ওভারে ও’রোর্কের আঘাতেই ৫ বলে ১ রান করে বোল্ড হন তামিম। ৯ রানে দ্বিতীয় উইকেট হারায় দল। হাল ধরতে চাওয়া সৌম্য সরকার নবম ওভারে ও’রোর্কের বলে বোল্ড হওয়ার আগে করেন ২৬ বলে ১৮ রান।

চতুর্থ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলেন লিটন ও শান্ত। ৩৩তম ওভারের প্রথম বলে ওয়ানডেতে নিজের ১৩তম ফিফটি তুলে নেন লিটন। ৩৯তম ওভারে জেডেন লেনক্সের বলে বোল্ড হওয়ার আগে ৯১ বলে ৭৬ রান করেন তিনি। লিটন চলে যাওয়ার পর বেশিক্ষণ স্থায়ী হয়নি শান্তর ইনিংসও। ৪১তম ওভারে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির দেখা পান শান্ত। ৪৩তম ওভারে আউট হওয়ার আগে ১১৯ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ১০৫ রানের ঝলমলে ইনিংস উপহার দেন তিনি। তাকে ফেরান লেনক্স।

দ্রুত রান তোলার প্রয়াসে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ১৮ বলে ২২ রান করেন। শেষ পর্যন্ত তাওহিদ হৃদয়ের ২৯ বলে অপরাজিত ৩৩ রানে ভর দিয়ে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের পক্ষে ও’রোর্ক তিনটি এবং লেনক্স ও লিস্টার দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ৫০ ওভারে ২৬৫/৮ (সাইফ ০, তামিম ১, সৌম্য ১৮, শান্ত ১০৫, লিটন ৭৬, মিরাজ ২২, শরিফুল ১, তানভীর ০, হৃদয় ৩৩*, মুস্তাফিজ ৩*; ও’রোর্ক ৭-১-৩২-৩, লিনক্স ১০-০-৫০-২, লিস্টার ১০-০-৬২-২)।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন