কুবিতে অগ্নিনির্বাপক যন্ত্র মেয়াদোত্তীর্ণ: ঝুঁকিতে ক্যাম্পাস

কুবিতে অগ্নিনির্বাপক যন্ত্র মেয়াদোত্তীর্ণ: ঝুঁকিতে ক্যাম্পাস

বি এম ফয়সাল, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভিন্ন ভবন ও আবাসিক হলে অগ্নিনির্বাপক যন্ত্রগুলোর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ক্যাম্পাস চরম অগ্নিঝুঁকিতে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার তথ্যমতে, ক্যাম্পাসে মোট ৪৪৬টি অগ্নিনির্বাপক যন্ত্র থাকলেও তার সবকটিই এখন ব্যবহার অনুপযোগী।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, পাঁচটি আবাসিক হল ও একাডেমিক ভবনগুলোতে থাকা যন্ত্রগুলোর মেয়াদ চলতি বছরের ১৭ মার্চ শেষ হয়ে গেছে। এমনকি উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টরের কার্যালয়ের সামনের যন্ত্রগুলোও রিফিল বা পরিবর্তন করা হয়নি। প্রয়োজনের তুলনায় যন্ত্রের সংখ্যাও অনেক কম বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটলে আগুন নেভানোর এই একমাত্র সরঞ্জামটি কাজ করবে না, যা বড় ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। নিরাপত্তা শাখা জানিয়েছে, নতুন ও পুরোনো মিলিয়ে যে ৪৪৬টি সিলিন্ডার আছে, তার সবকটিই এখন মেয়াদের বাইরে।

নিরাপত্তা শাখার দায়িত্বে থাকা সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ সাদেক হোসাইন মজুমদার বলেন, "আমরা ইতিমধ্যে টেন্ডার আহ্বান করেছি। আগামী ৩ মে আবেদনগুলো যাচাই-বাছাই করা হবে। ঠিকাদার নিয়োগ হয়ে গেলেই দ্রুত পরিবর্তনের কাজ শুরু হবে।"

উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, "অগ্নিনির্বাপক যন্ত্রগুলো পুনরায় স্থাপনের জন্য আমি নথিতে স্বাক্ষর করেছি এবং টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করছি দ্রুতই সব জায়গায় সচল সিলিন্ডার লাগানো সম্ভব হবে।"

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন