আমতলীতে গাঁজাসহ যুবক গ্রেফতার

আমতলীতে গাঁজাসহ যুবক গ্রেফতার

মোঃ সোহেল রানা, বরগুনা: বরগুনা জেলার আমতলী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মোঃ সুজন গাজী (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। 

বুধবার (২২ এপ্রিল) রাতে উপজেলার কুকুয়া ইউনিয়নের কালীপুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বরগুনা জেলা পুলিশ সুপারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) জাহিদ হোসেন মিয়ার নেতৃত্বে একটি চৌকস দল আমতলী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে কালীপুড়া গ্রামে অভিযান চালিয়ে সুজন গাজীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সুজন গাজী আমতলী উপজেলার ০২নং কুকুয়া ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের কালীপুড়া গ্রামের মোঃ শাহআলম গাজীর ছেলে। ডিবি পুলিশ জানায়, জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পুলিশ সুপার জনাব মোঃ কুদরত ই খুদা, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় এই ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন