ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রিপন খান রবিন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে জমি নিয়ে বিরোধের জেরে রিপন কুমার সাহা নামের স্থানীয় এক সংবাদকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠেছে।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বাবনাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। রিপন কুমার সাহা দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার স্থানীয় প্রতিনিধি।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবনাপাড়া গ্রামের মৃত পরেশ সাহার ছেলে সাংবাদিক রিপন সাহার সাথে প্রতিবেশী সুভাষ সরকারের জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। বুধবার বিকেলে সুভাষ সরকার জোরপূর্বক রিপন সাহার জমিতে প্রবেশ করে গাছ কাটতে শুরু করেন। এতে বাধা দিলে সুভাষ সরকার ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে রিপনকে আক্রমণ ও প্রাণনাশের চেষ্টা করেন। এ সময় রিপনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়।
এই ঘটনার পর থেকে সাংবাদিক রিপন সাহার পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। এদিকে, একজন সংবাদকর্মীর ওপর এমন হামলার চেষ্টার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। তারা দ্রুত দোষীকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন জানান, "এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ