মোহাম্মদপুর ও আদাবরে পুলিশের সাঁড়াশি অভিযান: আটক শতাধিক

মোহাম্মদপুর ও আদাবরে পুলিশের সাঁড়াশি অভিযান: আটক শতাধিক

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজ, কিশোর গ্যাং এবং মাদককারবারীদের বিরুদ্ধে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পুলিশ।

এ সময় বিভিন্ন পর্যায়ের শতাধিক অপরাধীকে আটক করে সংশ্লিষ্ট থানায় নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে ২টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা এই অভিযান চালায়।

থানা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পবিত্র রমজান মাসে জনসাধারণের নিরাপদ রোজা পালন এবং আসন্ন ঈদুল ফিতর শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। 

এ সময় মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা, সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।

তেজগাঁও বিভাগের ডিসি মো. ইবনে মিজান বলেন, ছিনতাইকারী ও চাঁদাবাজদের দৌরাত্ম্য কমাতে মোহাম্মদপুর ও আদাবর থানার যৌথ অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। 

তিনি আরও জানান, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে, যাতে কিশোর গ্যাং ও ছিনতাইকারীরা এলাকায় পুনরায় সক্রিয় হতে না পারে। জনস্বার্থে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন